কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতীমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে কোটবাড়ির বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
শুক্রবার বন্ধুদের সঙ্গে ছবি তুলতে যাওয়ার কথা বলে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয় অপ্রতীম। এরপর আর বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করেন। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পাশের লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, অপ্রতীমের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে বা ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম। অপ্রতীমের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোক নেমে এসেছে।
সূত্র: সংশ্লিষ্ট পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্র