মন্ত্রী নাকি এমপি—কর্মকর্তাদের উপস্থিতি নিয়ে প্রশ্ন প্রতিমন্ত্রীর
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গুরুত্বপূর্ণ সভায় জেলা ও উপজেলা পর্যায়ের অনেক প্রকৌশলী উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে আয়োজিত এক সভায় তিনি প্রশ্ন করেন, মন্ত্রী বড় নাকি স্থানীয় সংসদ সদস্য বড়।
প্রতিমন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ সভায় আমন্ত্রণ পাওয়ার পরও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনুপস্থিত থাকা গ্রহণযোগ্য নয়। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও নেত্রকোনাসহ কয়েকটি জেলার কর্মকর্তাদের উপস্থিতি যাচাই করে তিনি অনুপস্থিতদের বিষয়ে খোঁজ নিতে নির্দেশ দেন।
সভায় জানানো হয়, ৫০৩ কর্মকর্তার মধ্যে ৪৪০ জন উপস্থিত ছিলেন। অনুপস্থিত এক উপজেলা প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশও দেন প্রতিমন্ত্রী। সন্তোষজনক জবাব না পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
এদিকে সভায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো এবং অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহের ওপর গুরুত্ব দেওয়া হয়।
Source: স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি ও সভায় প্রতিমন্ত্রীর বক্তব্য।