ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তির পরীক্ষায় অংশ নিলেন ৫২ হাজার জন

৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের বাছাই পরীক্ষা, অংশ নিলেন ৫২ হাজারের বেশি যুবক

দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী তরুণদের ফ্রিল্যান্সিংয়ে দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে ৬৪ জেলায় একযোগে অনুষ্ঠিত হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মসূচির অষ্টম ব্যাচের লিখিত বাছাই পরীক্ষা। শনিবার সকাল ৯টায় শুরু হওয়া পরীক্ষায় অংশ নেন ৫২ হাজার ২০০ জন প্রার্থী।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় এই ভর্তি কার্যক্রম চলছে। প্রশিক্ষণ বাস্তবায়নের দায়িত্বে রয়েছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।

অষ্টম ব্যাচে ৪ হাজার ৮০০ আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ৮১ হাজার ৪০০টি। যাচাই-বাছাই শেষে ৫২ হাজার ২০০ আবেদন বৈধ হিসেবে অনুমোদিত হয়। তাঁদের নিয়েই অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা।

রাজধানীর কল্যাণপুরে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেন। অন্যান্য জেলার পরীক্ষাকেন্দ্রও সংশ্লিষ্ট কর্মকর্তারা পর্যবেক্ষণ করেন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা হবে ২০ সেপ্টেম্বর। চূড়ান্ত বাছাইয়ের পর প্রতিটি জেলা থেকে ৭৫ জন করে মোট ৪ হাজার ৮০০ প্রশিক্ষণার্থীকে অষ্টম ব্যাচে নেওয়া হবে।

প্রকল্পের তথ্য বলছে, এরই মধ্যে ১৯ হাজার ২০০ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাঁদের মধ্যে প্রায় ৬৪ শতাংশ ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করছেন। এ পর্যন্ত তাঁদের সম্মিলিত আয় প্রায় ৩৪ লাখ ৩৯ হাজার ৮০ মার্কিন ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *